সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সাফজয়ী ফুটবল দল আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য তেমন কোনো ব্যবস্থা থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা আমরা করব।’
যুবাদের অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখেছি। বাংলাদেশ দল টাইব্রেকারে জয় নিশ্চিত করেছে। আমি বাংলাদেশ দলকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশবাসী এবং আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম শটেই ভারতকে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।সে ধাক্কা সামলে আর জেতা হয়নি ভারতের। বাংলাদেশের হয়ে শেষ শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান। তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
জোড়া গোল করে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন; হাজার গোল হতে কত বাকি?
দেম্বেলে ম্যাজিকে তুলুজ বধ, লিভারপুল পরীক্ষার আগে ফুরফুরে পিএসজি