দুই ম্যাচে শ্রেয়স আইয়ারের জরিমানা ৩৬ লাখ; শাস্তি পেলেন সতীর্থরাও

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাল রাতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। ২১০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে থাকতেই দাপুটে জয় পেয়েছে শ্রেয়াস আইয়ারের দল। তবে এই আনন্দ স্থায়ী হলো না আইয়ারের জন্য। স্লো ওভার-রেটের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন পাঞ্জাব অধিনায়ক। একই সঙ্গে শাস্তি ভোগ করতে হচ্ছে দলের বাকি খেলোয়াড়দেরও।

আইপিএল ২০২৬ আসরে এটি পাঞ্জাব কিংসের দ্বিতীয়বার স্লো ওভার-রেটের অপরাধ। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, দ্বিতীয়বার একই ভুল করায় শ্রেয়াস আইয়ারের জরিমানার পরিমাণ এবার দ্বিগুণ করা হয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে একই অপরাধে আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। এবার দ্বিতীয়বার নিয়ম ভাঙায় তাকে গুনতে হচ্ছে ২৪ লাখ রুপি।

শুধু অধিনায়কই নন, দলের একাদশে থাকা বাকি খেলোয়াড় এবং ইমপ্যাক্ট প্লেয়ারকেও শাস্তির আওতায় আনা হয়েছে। দলের অন্য সদস্যদের প্রত্যেকের ৬ লাখ রুপি অথবা তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটি কম) জরিমানা করা হয়েছে। আইপিএলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এটি এই মৌসুমে তার দলের দ্বিতীয় অপরাধ হওয়ায় শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে।’

পকেট কাটা গেলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আইয়ার। চিপকের কঠিন উইকেটে ২১০ রান তাড়া করতে নেমে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরান সিং ৪.২ ওভারে ৬১ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। দুজনের প্রশংসায় আইয়ার বলেন, ‘প্রিয়াংশ এবং প্রভ যেভাবে শুরু করেছে তা ছিল অসাধারণ। তারা আমাদের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল, যা পরবর্তী ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেয়। তাদের এমন বিধ্বংসী ব্যাটিং দলের ছন্দ বজায় রাখতে সাহায্য করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত