প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টায় বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীর অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কস্তুরি জামান রাজধানীর সূত্রপুরের জুয়েল হকের স্ত্রী ও দুই সন্তানের জননী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।’
কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান অভিনয়ের পাশাপাশি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসেবে সমাদৃত ছিলেন। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিজীবনে তার স্ত্রী ছিলেন রুনী জামান। তাদের তিন ছেলে ও তিন মেয়ে। তবে দুঃখের বিষয়ে হলো ২০১২ সালে বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবির নিহত হন। ২০২৩ সালে ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা। এবার বড় মেয়েও না ফেরার দেশে চলে গেলেন।
