লিচুর ফলন বিপর্যয়ে ক্ষতিপূরণ চান কৃষক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ এএম

মুুকুলে ভরে উঠেছিল গাছ, ছিল বাম্পার ফলনের স্বপ্ন। কিন্তু আগাম বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। এই দৃশ্য ঠাকুরগাঁওয়ের লিচু বাগানগুলোতে। এর ফলে ব্যাপক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। গাছে গাছে আশানুরূপ লিচুর ফলন নেই। অধিকাংশ মুকুল ও গুটিই ঝরে পড়েছে।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ আগে যেসব গাছে থোকায় থোকায় মুকুল ছিল, এখন সেগুলো প্রায় ফাঁকা। ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের কৃষক রমজান বলেন, এবার আমার বাগানে ১৮ থেকে ২০ লাখ লিচু হওয়ার কথা ছিল। কিন্তু শিলাবৃষ্টি আর ঝড়ে সব মুকুল ঝরে গেছে। এখন ৫০ হাজার লিচুও নেই। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। আমাদের খরচই উঠবে না।

এদিকে বাগানবাড়ি গ্রামের কৃষক রবিউল বলেন, প্রতি বছর লিচু বিক্রি করে ভালো আয় হয় এবং সারা বছর সেই আশাতেই থাকি। কিন্তু এবার যে অবস্থা, বড় ধরনের লোকসান গুনতে হবে। সরকার যদি সহযোগিতা না করে তাহলে টিকে থাকা কঠিন হয়ে যাবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, এবার গাছে প্রচুর মুকুল এসেছিল, আমরা ভালো ফলনের আশা করেছিলাম। কিন্তু আগাম বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে ফুল থেকে গুটি ধরার সময় ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যান্য ফসলের জন্য এই বৃষ্টি উপকারী হলেও লিচুর জন্য তা ক্ষতিকর হয়েছে। ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত