দেশের বিজ্ঞাপনী সংস্থাগুলোতে কাজ করেন তাদের অধিকাংশেরই পড়াশোনার ব্যাকগ্রাইন্ড অন্য কোনো বিষয়, বিজ্ঞাপন নয়। এবং এই পরিস্থিতি অজ্ঞাতও নয়। ফলে প্রতিষ্ঠানগুলোও অনুপায় হয়ে বিবিধ মানদন্ডের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। আপনি যদি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চান তাহলে আপনাকে এই মানদ-গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং তৈরি হতে হবে।
প্রতিষ্ঠানের প্রচলিত বিভাগের বাইরে বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটিং, ক্রিয়েটিভ ডিরেকটশন, ভিজুয়ালাইজিং, ডিজাইনিং, প্রোডাকশন, মিডিয়া, পাবলিক রিলেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগগুলো থাকতে দেখা যায়। কিছু কিছু প্রতিষ্ঠানে এর বাইরেও দুএকটি বিভাগ আছে। কপি রাইটিং বিভাগ বিজ্ঞাপনের ভাষা, বক্তব্য, স্লোগান, শিরোনাম, টাইটেল, ট্যাগ লাইন, জিঙ্গেল ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। ক্রিয়েটিভ ডিরেকশন বিভাগ সৃষ্টিশীলতার মাধ্যমে পণ্যকে ক্রেতার সুনজরে আনার জন্য মোক্ষম উপায় খুঁজে বের করে, তা যেকোনো মাধ্যমেই হোক না কেন, ভিজুয়ালাইজিং বিভাগ সেই সৃষ্টিশীল আইডিয়ার লেআউট ও চেহারা নির্ধারণ করে, ডিজাইনিং বিভাগ সে অনুযারী লেআউটের ডিজাইন তৈরি করে। বিষয় সাপেক্ষে প্রোডাশন বিভাগ ডিজাইন অনুযায়ী বাস্তবায়ন করে। মিডিয়া বিভাগ বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকা, টিভি, রেডিও বা অন্যান্য মাধ্যমে বুকিং ও তার ব্যবস্থাপনা করে। আর ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগ পণ্যের বা ব্র্যান্ডের প্রচারের লক্ষ্যে নির্বাচিত পরিকল্পনা ও নকশা অনুযায়ী অনুষ্ঠানের সব আয়োজনের দায়িত্ব পালন করে। এছাড়া ক্লায়েন্ট সার্ভিস, অ্যাকাউন্ড ম্যানেজমেন্ট এবং হিসাবরক্ষণ বিভাগ তাদের প্রচলিত কাজগুলো করে যায়।
আপনি কোন বিভাগে কাজ করার যোগ্য, সেটা বোঝার জন্য এই বিভাগীয় কার্যক্রম সম্পর্কে জেনে নিন। সহজ দুটি উপায় আছে। এক. বিজ্ঞাপনী সংস্থার কোনো পরিচিত অভিজ্ঞ বন্ধু এবং দুই. বই বা ইন্টারনেট।
বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার জন্য আপনাকে সৃষ্টিশীল হতেই হবে। ভাবনায়, কাজে, বক্তব্যে। সুতরাং সবাই যে পথে হাঁটে আপনাকে তার চেয়ে আলাদা পথ খোঁজার তাড়না ভেতরে সব সময় রাখতে হবে।
আপনি যে বাজার নিয়ে কাজ করছেন অর্থাৎ আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন তার ক্রেতার আচরণ ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা রাখা দরকার।
নিয়মিত বিজ্ঞাপন অনুসরণ করুন। পত্রিকায়, টিভিতে, বিলবোর্ডে, ম্যাগাজিনে, দেয়ালে, পোস্টারে, ব্যানারে, লিফলেটে। লক্ষ করুন। বোঝার চেষ্টা করুন। জানার চেষ্টা করুন একটি বিজ্ঞাপন তৈরির প্রক্রিয়া কী। বিজ্ঞাপনটি আপনাকে কী তথ্য দিচ্ছে। মোট কথা, একটি তৈরি হওয়া বিজ্ঞাপনের চারপাশে কী কী ঘটনা ঘটে বোঝা।
সৃষ্টিশীল ভাবনার পাশাপাশি কারিগরি দক্ষতাও থাকতে হবে। সুতরাং ভালো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিন ।
বিজ্ঞাপনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে একবার যা বলা হয় সেটা দ্বিতীয়বার বলার কোনো সুযোগ নেই। আপনি নকল করতে পারেন না। সব সময় তাই পুরো দলকে নতুন কিছু খোঁজার তাড়নায় উদগ্রীব থাকতে হয়। সব কিছুই ভাবতে হবে পণ্যকে ঘিরে। ক্রেতার সঙ্গে পণ্যের সম্পর্ক স্থাপনকে মাথায় রেখে। এটাই গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন সব সময় একটি দলগত কাজ। কেউ একা এখানে কিছু করতে পারেন না। সবাই মিলে সফলভাবে কাজ করলে তবেই একটি বিজ্ঞাপন তার সার্থক চেহারা পায়।
বিপণন বিষয়ে ভালো ধারণা থাকা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার পূর্ব শর্ত। বিপণন বড় বিষয় যেখানে পণ্য, ক্রেতা, যোগাযোগ মাধ্যম, বাজার ও তার বিশ্লেষণ, সমাজ, ক্রেতার আচরণ ইত্যাদি সম্পর্কে বিশদভাবে শেখানো হয়। এই শিক্ষা বিজ্ঞাপনী সংস্থায় চাকরির জন্য অনেকভাবে ব্যবহার করার সুযোগ আছে।
