শেষ বিশ্বকাপে খেলতে মরিয়া নেইমারের গোপন অপারেশন!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের নেশা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে শেষ একবারের মতো বিশ্বজয়ের মঞ্চে নিজেকে মেলে ধরতে সবটুকু উজাড় করে দিতে চান নেইমার জুনিয়র। আর সেই লক্ষ্যেই এবার বড় এক জুয়া খেললেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আসন্ন বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেস ফিরে পেতে আবারও ছুরি-কাঁচির নিচে বসতে হয়েছে তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সান্তোসের এই তারকা ফুটবলার সম্প্রতি হাঁটুর একটি অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক বিরতি চলাকালীন এই গোপনীয় অপারেশনটি করানো হয়। মূলত হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে শক্তিশালী করতে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) নামক এক বিশেষ রিজেনারেটিভ চিকিৎসা গ্রহণ করেছেন তিনি।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের কোচ কুকা কোপা সুদামেরিকানার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আন্তর্জাতিক বিরতির সময় নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। সে কয়েক দিন অনুশীলনে ছিল না, কেবল পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে।"

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড গত ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পরপরই চিকিৎসকদের পরামর্শে হাঁটুর সমস্যায় স্থায়ী সমাধানের পথে হাঁটেন। তবে এবারের চিকিৎসাটি একটু ভিন্নধর্মী। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে টিস্যু পুনর্গঠনের এই ঝুঁকি নিয়ে নেইমার বার্তা দিয়েছেন যে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী আসরে তিনি থাকতে চান যেকোনো মূল্যে।

নেইমারের লক্ষ্য এখন দুটি। প্রথমত, দ্রুত মাঠে ফিরে নিজের চেনা ছন্দ খুঁজে পাওয়া। দ্বিতীয়ত, ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে এটা বোঝানো যে, ২৬ সদস্যের স্কোয়াডে তার অভিজ্ঞতা ও পায়ের জাদু এখনো অপরিহার্য।

ইনজুরি ক্যারিয়ারজুড়ে ছায়ার মতো নেইমারকে অনুসরণ করলেও, ফুটবলের মহোৎসবের আগে তার এই জানপ্রাণ লড়াই ব্রাজিলিয়ান সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করছে। এখন দেখার বিষয়, আগামী কয়েক মাস বিশেষ রিকভারি প্রোগ্রামে নিজেকে কতটুকু তৈরি করতে পারেন এই সাম্বা জাদুকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত