কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বীর নেতৃত্বে মুরাদনগর সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করা হয় এবং ৪টি ড্রেজার অপসারণ করা হয়।
এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
মিরসরাইয়ে পেটে রড ঢুকে মাদরাসাছাত্রের মৃত্যু