অগ্নিকাণ্ড নয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে ধোঁয়া গ্রীন লাইফ হাসপাতালে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থিত গ্রীন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪২ মিনিটে তারা গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে আগুনের খবর পান। সংবাদ পাওয়ার সাথে সাথেই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১১টা ৫২ মিনিটে অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালে পৌঁছান।

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, হাসপাতালের ১৫ তলা ভবনের ষষ্ঠ এবং সপ্তম তলায় সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বৈদ্যুতিক জটিলতা থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তবে সেখানে বড় ধরনের কোনো আগুনের সূত্রপাত হয়নি।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সাময়িক ধোঁয়া সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতি বা অগ্নিদুর্ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ইউনিটকে কোনো অগ্নিনির্বাপক কাজ করতে হয়নি, কেবল পর্যবেক্ষণ শেষে তারা ফিরে এসেছেন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত