নতুন খবর দিলেন বাপ্পী

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

কয়েক বছর ধরে থমকে আছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বেশ কয়েকটি সিনেমার কাজ। নতুন কাজের জন্য নির্মাতাদের কাছ থেকে কোনো ডাকও পাচ্ছেন না তিনি। এরইমধ্যে ভক্তদের জন্য সুখবর দিলেন এই নায়ক। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমা।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে সিনেমাটি দেখতে পারবেন আইস্ক্রিনের দর্শক। 

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শত্রু’। গত বছর থেকে দ্য অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। 

গত বছর গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ বাপ্পাী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি এক ফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।’ 

অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত