তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির জন্য অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লোয়াব প্রেসিডেন্ট মো. আমিরুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পত্রে জানা যায়- দেশের বিভিন্ন স্থানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। অথচ এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হতে নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরূদ্ধে অভিযান পরিচালনা এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে লোয়াব প্রেসিডেন্ট বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের এই পরিস্থিতিতে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব। এ অবস্থায় এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য ‘লোয়াব’ এর পক্ষ থেকে অনুরোধ জানানো হলো।
