বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে দেখা যায়, মিলেনিয়াম ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডার ৩০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ অভিযান চলবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত