যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার বাবা ও ছেলে। জানা গেছে, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আলবানির রুট ৯-এইচ সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারায় কুমিল্লার মুরাদনগরের নাজমুল রোবেলের গাড়ি। দুটি গাড়ির সংঘর্ষে মুহূর্তেই থেমে যায় চারটি প্রাণের স্পন্দন। নিহত হন বাবা মো. হেরামন (৬০), ছেলে নাজমুল রোবেল (৩০), বন্ধু ফাহিম আলিম (২৭) এবং অপর গাড়ির যাত্রী নিউইয়র্কের বাসিন্দা জুলিয়া রিচিও (৬২)।
সম্প্রতি আলবানির একটি এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন রোবেল। পরিবারের সবাইকে সেই বাড়ি দেখাতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুটি গাড়িতে করে রওনা হয়েছিল তাদের পরিবার। এক গাড়িতে ছিলেন রোবেল নিজে, তার বাবা, বোন, ভাগ্নি ও বন্ধু। অন্য গাড়িতে ছিলেন মা ও ভাইবোনেরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সবকিছু থেমে যায়। পেছনের গাড়িতে থাকা স্বজনরা চোখের সামনে দেখেন প্রিয়জনদের হারানোর নির্মম মুহূর্ত। নিউইয়র্কে বসবাসরত নিহতের স্বজন ফারহানা পাপড়ি জানান, ‘২০১৮ সালে যুক্তরাষ্ট্রে আসার পর রোবেল একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। পরে নিজ উদ্যোগে আলবানিতে রেস্টুরেন্ট গড়ে তোলেন। ২০২৪ সালে বিয়ে করেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে পরিবারসহ বাংলাদেশে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করেন। তার স্ত্রী বাংলাদেশেই রয়েছেন।’
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এখন নিস্তব্ধতা। রোবেলদের বাড়িটিতে কেউ না থাকলেও খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। প্রতিবেশীরা বলছেন, পুরো পরিবারই বিদেশে থাকলেও গ্রামের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন হয়নি। পরিচিত পরিবারটির এমন মর্মান্তিক পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। তারা বলছেন, নিউইয়র্কের ব্যস্ত সড়কে থেমে যাওয়া গাড়িটি শুধু দুর্ঘটনার নিদর্শন নয়; বরং একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতীক।
