উড্ডয়নের আগে অসুস্থ যাত্রী রানওয়ে থেকে ফিরল বিমান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ এএম

বিমানে ওঠার পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় রানওয়ে থেকে ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী একটি ফ্লাইট। কেবিন ক্রুর কাছ থেকে তথ্য পেয়ে তাৎক্ষণিক উড্ডয়ন বাতিল করেন পাইলট। গতকাল বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি-৩৬৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির নির্ধারিত ছাড়ার সময় ছিল বেলা ১১টা ২০ মিনিটে। ফ্লাইট যখন উড্ডয়নের জন্য রানওয়ে যায় তখন কেবিন ক্রু পাইলটকে জানান, একজন যাত্রী খুব গুরুতর অসুস্থ। ওই সময় বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারে যোগাযোগ করেন।

এটিসি সূত্র জানায়, দুপুরের উড্ডয়নের অনুমতি দেওয়ার পর ফ্লাইটটি রানওয়েতে ছিল। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে পাইলট হঠাৎ বলেন, ‘আমি এখন উড্ডয়ন করতে পারব না, ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে গেছেন। আমাকে বোডিং ব্রিজে ফিরে যেতে হবে।’ এটিসি পাইলটকে জানান, এখন দুটি মিলিটারি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। ২/১ মিনিটের মধ্যে আপনাকে অবতরণের অনুমতি দেওয়া হবে। আপনার কি কোনো মেডিকেল সাপোর্ট লাগবে? পাইলট এটিসিকে জানান, আমরা ইতিমধ্যে গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা মেডিকেল সাপোর্টের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমাকে দ্রুত ব্রিজে অনুমতি দেওয়া হোক, রোগীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। পরে মিলিটারি প্লেন অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং ওই যাত্রীকে নিরাপদে নামানো হয়। পরে ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে ফ্লাইটটি।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত