এবিএম মূসার ১২তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ এএম

প্রখ্যাত সাংবাদিক ও কলম লেখক এবিএম মূসার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসা ১৯৩১ সালে তার নানার বাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। তিনি ৬৪ বছর ধরে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ থেকে তার সাংবাদিকতার জীবন শুরু। ওই বছরেই তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন।

 ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তান সরকার পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি সংবাদে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস পত্রিকার সংবাদদাতা হিসেবে সংবাদ পাঠাতেন।

স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন। ২০০৪ সালে তিনি কিছু দিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এবিএম মূসা জাতীয় প্রেস ক্লাবের চারবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এবিএম মূসা একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। জীবনের শেষ দিনগুলোতে তিনি একজন দর্শকপ্রিয় আলোচক এবং সংবাদ বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ ‘মুজিব ভাই’ এবং ‘আমার বেলা যে যায়’।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ইকবাল রোডে বায়তুস সালাম মসজিদে এবং ফেনীর কুতুবপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত