বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে যোগদান করলেন কামাল উদ্দিন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ এএম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। দায়িত্ব পাওয়ার পরের দিন গতকাল বুধবার তিনি এ পদে যোগদান করলেন। দায়িত্বগ্রহণের পর বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পেশাগত অঙ্গীকার, শৃঙ্খলা ও সততার সঙ্গে কাজ করতে হবে। এ সময় কর্মচারীদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কামাল উদ্দিন সবুজ বলেন, জাতীয় সংবাদ সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন তিনি এখানে থাকবেন, সবার সম্মিলিত সহযোগিতায় দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকবেন। এর আগে দায়িত্বগ্রহণের পর তিনি সংবাদ সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শন করতে গেলে বাসসের সাংবাদিক ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কামাল উদ্দিন সবুজকে প্রতিষ্ঠানটির এমডি ও প্রধান সম্পাদক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ৩১ বছর বাসসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি বাসসের নিউজ এডিটর হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর দৈনিক দেশ রূপান্তরে সম্পাদক হিসেবে যোগ দেন এবং গত মঙ্গলবার পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের দুবার সভাপতি ও দুবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল উদ্দিন সবুজ ফেনী শহরের ডাক্তার পাড়ার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।  তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত