বুলবুলের জায়গায় তামিম আসতেই প্রিমিয়ার লিগ খেলতে রাজি ক্লাবগুলো

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

দেশের ঘরোয়া ক্রিকেটের সবথেকে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষভাগ অথবা আগামী মাসের শুরুর দিকেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং ক্লাব প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও এই সভায় উপস্থিত ছিলেন।

লিগের ১২টি ক্লাবের মধ্যে ১০টির প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন। লেজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকতে না পারলেও সভার সিদ্ধান্তের সঙ্গে তারা একমত পোষণ করেছেন বলে জানা গেছে।

সভা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি জিয়াউর রহমান তপু জানান, আগামী ২২ এপ্রিল ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর২৫ এপ্রিল থেকে ৫ মে'র মধ্যে যেকোনো দিন টুর্নামেন্ট শুরু হতে পারে।

ফরম্যাটে বড় পরিবর্তন

সময়ের সীমাবদ্ধতার কারণে এবারের ডিপিএল ফরম্যাটে আনা হচ্ছে বড় পরিবর্তন। সাধারণত রাউন্ড রবিন লিগের পর সুপার লিগ অনুষ্ঠিত হলেও, এবার সেই সুযোগ থাকছে না।

সিঙ্গেল লিগের ১১টি ম্যাচের পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন দল।

ভেন্যু ও অবকাঠামো পরিকল্পনা

খেলার গতি বাড়াতে এবং দ্রুত লিগ শেষ করতে এবার ভেন্যুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে বিসিবি।

এক দিনে এক রাউন্ড: আগে তিনটি মাঠে দুই দিন ধরে এক রাউন্ড শেষ হতো। এবার ছয়টি মাঠ ব্যবহার করে এক দিনেই পুরো রাউন্ড শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সম্ভাব্য ভেন্যু: বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পিকেএসপি, সিলিকন স্পোর্টস ভ্যালি এবং ক্রিকেটার্স একাডেমি মাঠগুলোকে তালিকায় রাখা হয়েছে।

ক্লাবগুলোর জন্য বিসিবির আর্থিক সহায়তা

লিগ পরিচালনার ব্যয়ভার লাঘব করতে প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে অনুদান দেবে বিসিবি। এছাড়া ক্রিকেটারদের দুপুরের খাবার এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামও সিসিডিএমের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

বৃষ্টির বাগড়া সামাল দিতে প্রতি রাউন্ডের পর একটি করে রিজার্ভ ডে রাখার প্রস্তাব করা হয়েছে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। বিসিবি দ্রুতই লিগের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি ও দলবদলের তারিখ ঘোষণা করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত