কুড়িগ্রামে তেল নেয়ার লাইনে ‘খেলনা মোটরসাইকেল’

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:০০ এএম

জ্বালানি তেলের সংকট মেটাতে পাম্পের সামনে দীর্ঘ লাইন নতুন কিছু নয়। কিন্তু সেই লাইনে যদি বড় বড় মোটরসাইকেলের মাঝে একটি শিশুদের খেলনা ‘চার্জার বাইক’ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। এমনই এক বিচিত্র ও হাস্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বপন ট্রেডার্স নামক একটি ফিলিং স্টেশনের সামনে।

শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়া হবে—এমন খবর ছড়িয়ে পড়লে শুক্রবার থেকেই ফুলবাড়ীর ওই পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। কয়েকশ বাইকের সেই লাইনের মাঝে হঠাৎ দেখা যায় একটি ছোট লাল রঙের শিশুদের খেলনা মোটরসাইকেল। মুহূর্তেই এই দৃশ্য স্থানীয়দের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এই অভিনব কাণ্ডটি ঘটিয়েছেন নুর ইসলাম নামে স্থানীয় এক বাইকার। শুক্রবার জুম্মার নামাজের পর তিনি তার আসল মোটরসাইকেলের পরিবর্তে এই খেলনা বাইকটি লাইনে রেখে যান।

নুর ইসলাম জানান, তেলের সিরিয়াল যাতে হাতছাড়া না হয়, সেজন্যই তিনি এই বুদ্ধি বের করেছেন। তার ভাষ্যমতে, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে যখন তেল দেওয়ার সময় হবে, তখন এটি সরিয়ে আমার আসল বাইকটি নিয়ে আসব।

দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকদের কাছে বিষয়টি চরম হাস্যরসের খোরাক জুগিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তেলের সংকটের এই কঠিন সময়েও এমন কাণ্ড মানুষের মুখে কিছুটা হাসির রেখা ফুটিয়েছে। তবে কেউ কেউ একে সিরিয়াল দখলের একটি 'স্মার্ট' কিন্তু 'অদ্ভুত' কৌশল হিসেবে দেখছেন।

তেল সংকটের কারণে ফুলবাড়ীর বিভিন্ন পাম্পে গত কয়েকদিন ধরেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বপন ট্রেডার্সের সামনে এখনও বাইকারদের দীর্ঘ সারি বিদ্যমান। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত