বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দেড় যুগের আন্দোলনে সম্পৃক্ত ‘দলের ত্যাগীরাই' ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা বিএনপির নেত্রীদের।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১১ এপ্রিল) দলীয় ফরম সংগ্রহ করতে আসা নেত্রীরা এ কথা বলেন।
ফরম কিনতে এসেছেন তৃণমূলের নেত্রী থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরা। তাদের মধ্যে শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, বেবি নাজনীন, বিলকিস ইসলাম, নিপুণ রায় চৌধুরী, সানজীদা ইসলাম তুলি, পেয়ারা মোস্তফা, শাহজাদী আখতার পাঁপড়িসহ সাবেক সাংসদরা।
বেলা ১১টা থেকে ফরম বিক্রির শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী।
প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি নেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদ।
মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেয়া যাবে। জমা দেওয়ার সময়ে প্রার্থীদের জামানত দিতে হবে ৫০ হাজার টাকা।
সংরক্ষিত আসনে সদস্য হওয়ার যোগ্যতা তুলে ধরে রিজভী বলেন, বিগত ১৬/১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতাসহ অন্যান্য যেসব যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নিবেন-কারা চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি উল্লেখ করেন, পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেবেন, মানতে হবে সেই সিদ্ধান্ত। এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং ‘ও’ পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
