ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে দ্রুতগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে ইঞ্জিনচালিত ইটবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে মুক্তারপুর এলাকা সংলগ্ন ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে নৌপুলিশ।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে ইটবোঝাই করে হাজী আউয়াল নামে নামে একটি ট্রলার মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রলারটি মুক্তারপুর এলাকার সেতুর কাছে এলে দ্রুতগতিতে একটি যাত্রীবোঝাই লঞ্চ ছুটে যায়। এতে ঢেউয়ের সৃষ্টি হলে মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়।

নৌপুলিশের কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিক খবর পেয়েই নৌপুলিশের একটি টিম নদীতে উদ্ধার তৎপরতায় নামে। এতে ট্রলারে থাকা সকল শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত