শিল্পকলায় আজ ‘সোনাই’

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ এএম

দর্শকপ্রিয় ‘সোনাই’ নাটকটি আবারও ফিরল মঞ্চে। লোকবিশ্বাস, দেশীয় গীতরঙ্গ এবং প্রতীকী আখ্যানের সমন্বয়ে নির্মিত নাটকটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে। এর আগে গতকাল শনিবার একই ভেন্যু ও সময়ে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ভৈরবী গীতরঙ্গ দলের প্রযোজনায় নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন ইলিয়াস নবী ফয়সাল। নাটক ‘সোনাই’ মূলত বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও প্রাচীন আখ্যানের ভেতর থেকে উঠে আসা এক নারীকেন্দ্রিক প্রতীকের গল্প। দেবী সর্পমস্তার ধারণা থেকে অনুপ্রাণিত এই প্রযোজনায় নারীশক্তি, প্রকৃতি এবং মানুষের অন্তলীন টানাপড়েনকে গীত, সংলাপ ও মঞ্চভাষার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গীতরঙ্গের স্বতন্ত্র উপস্থাপনায় নাটকটি হয়ে উঠেছে একদিকে যেমন নান্দনিক, তেমনি সামাজিক প্রতিরোধ ও চেতনার এক শক্তিশালী বহিঃপ্রকাশ। প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, ভৈরবী একটি অলাভজনক সামাজিক ও দেশীয় সংস্কৃতি গবেষণা কেন্দ্র। এরই অংশ হিসেবে গড়ে উঠেছে ভৈরবী গীতরঙ্গ দল, যারা লোকসংস্কৃতির প্রাণতত্ত্বকে ধারণ করে নাটক, সংগীত ও গবেষণার মধ্য দিয়ে এক স্বতন্ত্র সংস্কৃতি ধারার চর্চা করে আসছে। ভৈরবীর সংস্কৃতি চর্চার ভিত্তি সাধারণ মানুষের ভাষা, জীবনযাপন, বিশ্বাস ও সাহিত্যের ভেতরে নিহিত লোকজ ঐতিহ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত