ইরানি হামলায় আহত শতাধিক মার্কিন সেনা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

চলতি মাসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের একাধিক বিমান হামলায় প্রায় ১০০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। 

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৬ সালের ৭ জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন সেনাসদস্য বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতি রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ঠেকাতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

গত শুক্রবার সিবিএস নিউজ জানায়, জর্ডানের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় একাধিক মার্কিন সেনা আহত হয়েছেন।

এদিকে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। একই স্থানে নিখোঁজ থাকা আরেক সেনার দেহাবশেষও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ইরাকে ভূপাতিত একটি ইরানি একমুখী হামলাকারী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় আরেক মার্কিন সেনা নিহত হন।

সাম্প্রতিক ইরানি হামলায় ঠিক কতজন আহত হয়েছেন বা সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

মার্কিন সামরিক বাহিনীর ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪১৩ জন মার্কিন সেনা যুদ্ধে আহত হয়েছেন। তবে এই পরিসংখ্যানে চলতি মাসের আহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। একই ওয়েবসাইটের অন্য একটি তথ্যে আহতের সংখ্যা ৪২৭ উল্লেখ করা হয়েছে। এছাড়া গত সপ্তাহান্তের নিহতদের বাদ দিয়ে সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

জর্ডান ও ইরাকে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 'ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, তার মূল্য তাদের বহু গুণ বেশি দিতে হবে।'

ট্রাম্প জানান, এ বিষয়ে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, নিহত মার্কিন সেনাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে সোমবার অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত