আহতদের চিকিৎসা ও নিহতদের দাফন-কাফনের দায়িত্ব নিলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর-৬ আসনের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের দাফন-কাফন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রাম এবং ৩ জন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রী ডা. জাহিদ হোসেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তার পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন এবং বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন।
আহতদের খোঁজখবর নিতে মন্ত্রী রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আমির আলী ও জালালকে দেখেন। 
তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা জানান।

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, মন্ত্রীর নির্দেশনায় নিহতদের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। বিরামপুরে নিহতরা হলেন—সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)।

অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের হেলাল উদ্দিন জানান, ধান কাটার কাজে যাওয়ার উদ্দেশ্যে ১৩ জন শ্রমিক স্বল্প ভাড়ায় ওই ট্রাকে যাত্রা করেছিলেন। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হন। 

নিহতরা হলেন—আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।

নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু বলেন, মন্ত্রীর নির্দেশনায় নিহতদের পরিচয়পত্র সংগ্রহ এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত