মিরসরাই

হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, অভিযুক্তদের খুঁজছে বন বিভাগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মায়া চিত্রা হরিণকে প্রকাশ্যে জবাই করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার এ ঘটনা ঘটে। 

তবে ঘটনার তিন দিন পর আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ৭ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে এবং তা মূহুর্তেই ভাইরাল হয়। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি মায়া হরিণকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে গলা কাটার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিও ধারণের সময় হরিণ জবাইয়ে জড়িত একজন ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি এতে সমস্যা কোথায় তা জানতে চাইলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জবাই করা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল। অভিযুক্তরা স্থানীয় একটি খামারে কাজ করেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মিরসরাইয়ের উপকূলজুড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। সেখানে হাজার হাজার হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। তবে শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বন উজাড় হওয়ায় বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত