বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিয়ে সম্মান জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করা বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের জন্য একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেন তিনি।
এই অনুষ্ঠানে একটি ম্যাচে অধিনায়কত্ব করা রাজিন সালেহ ও জাকের আলি অনিকসহ প্রায় সব অধিনায়কদের দেখা গেলেও অনুমিতভাবেই ছিলেন না বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদও ছিলেন না অনুষ্ঠানে।
তামিম ইকবাল দাবি করেন তিনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন, ‘পরিস্থিতির কারণে অনেকে আসতে পারেনি। মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি। বুলবুল ভাইকে কল করেছি, মেসেজ পাঠিয়েছি। পরে বুঝলাম আমিও ব্লকড!’
যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য।’ তামিম আরও যোগ করেন, ‘যারা যারা এখানে আছেন, এখানে রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বোর্ডে কী হয়েছে, তা নিয়েও কথা বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং প্রত্যেককে সম্মান করি। এটাই আমার বার্তা ছিল।’
ক্যাপ্টেন্স কার্ডের সুবিধা সমূহ
সাধারণত বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের ম্যাচ টিকিট দেওয়া হয়। তবে এবার তাদের বিশেষ মর্যাদা দিতে আলাদা এই ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়া হলো। এই কার্ড দেশের মাটিতে বাংলাদেশ দলের যত খেলা হবে, আইসিসি, এসিসি ইভেন্ট, হোম সিরিজ, বিপিএল, ঘরোয়া ক্রিকেটে স্টেডিয়ামে এন্ট্রি পাস হিসেবে কাজ করবে। স্টেডিয়ামে ভিভিআইপি কার পার্কিং সুবিধা পাবেন অধিনায়করা। অবসরে যাওয়ার পর স্বাস্থ্য ইনসুরেন্স ও বিসিবির মেডিকেল টিমের সুবিধা পাবেন তারা।
ইতিহাস সেরা ফুটবলারের পাশে থাকতে পেরে কৃতজ্ঞ মেসির নতুন কোচ