বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ এএম

বাঙালি সংস্কৃতির আবহে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। দিনব্যাপী নাচ-গান, বিতর্ক আর মেলার স্টলে পান্তা-ইলিশ, হাতে তৈরি চুড়ি-গহনার পসরায় সেজেছিল ক্যাম্পাস, উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ উপলক্ষে আলপনায় আলপনায় রঙিন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর। বাঙালি ঐতিহ্যের অংশ রঙবেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছিল শিক্ষার্থীরা। বাংলা ঐতিহ্যের নাচ-গানে মুখরিত ছিল মঞ্চ আর দর্শকরা অংশগ্রহণকারীদের পরিবেশনা করেছেন উপভোগ। স্টলগুলোতে ছিল আগত শিক্ষার্থীদের ভিড়। স্টলে ছিল পান্তা-ইলিশ ও নানা পদের মুখরোচক খাবার। এ ছাড়া হাতে তৈরি চুড়ি-গহনার পসরাও বসেছিল স্টলগুলোতে।

বৈশাখী মেলার উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা শহরে আয়োজিত হয় না বললেই চলে। বাঙালি হিসেবে এই ঐতিহ্যকে গ্রাম থেকে শহরে সর্বত্র চর্চা করতে হবে। আজকের এই আয়োজন মূলত বিশ্ববিদ্যালয়ে চর্চার মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে নতুনভাবে বরণ করার প্রয়াস। অতীতের সব গ্লানি মুছে আগত বছরে সবাই একসঙ্গে শান্তি এবং সমৃদ্ধির জন্য এগিয়ে যাওয়াই হবে বাঙালি ঐতিহ্যের সর্বাত্মক চর্চা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত