দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথ পোস্টে এই সুখবর জানালেন অভিনেত্রী। পোস্টে দেখা যাচ্ছে, তাদের কন্যা দুয়া একটি গর্ভধারণ পরীক্ষার কিট হাতে ধরে রয়েছে। ক্যাপশনে দুটি এভিল আই চিহ্ন দেওয়া। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এই পোস্ট, শুভেচ্ছার বন্যা বইছে অনুরাগীদের মধ্যে। দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনতেই উচ্ছ্বাসে ভাসছে অনুরাগী মহল। সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে দুয়া, যে এবার বড় বোন হতে চলেছে।
দুয়ার জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। এরপর ২০২৫ সালের অক্টোবরে প্রথমবার তাকে জনসমক্ষে আনেন এই তারকা দম্পতি। সেই মুহূর্ত থেকেই নেটমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট দুয়া। মা হওয়ার পর জীবনে বড় পরিবর্তনের কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এতদিন নিজের ক্যারিয়ার ও জীবনের লক্ষ্য নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু সন্তানের জন্মের পর সব বদলে যায়। এখন আর শুধু নিজের কথা ভাবার সুযোগ নেই, বরং পুরোপুরি নির্ভরশীল এক নতুন জীবনের দায়িত্ব নিতে হয়।’
দীপিকা জানান, মাতৃত্ব তার জীবনে গভীর আবেগের পাশাপাশি নতুন ভারসাম্য এনে দিয়েছে। মেয়েকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বড় করতে চান। নিজের মা-বাবার কাছ থেকে পাওয়া মূল্যবোধ দিয়ে সন্তানকে বড় করবেন।