সমালোচকদের জবাব দিয়ে ৬৬ ইনিংস পর বাবরের সেঞ্চুরি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

দীর্ঘ প্রতিক্ষার অবসান! টানা ৬৬ ইনিংস পর টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম। তার অপরাজিত শতরানের ওপর ভর করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। এই জয়ে পিএসএল টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল বাবর আজমের দল।

সাম্প্রতিক সময়ে বাবরের স্ট্রাইক রেট ও টি-টোয়েন্টি ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান এবং বিগ ব্যাশে ধীরগতির ব্যাটিংয়ের কারণে তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে চলমান পিএসএলে আগের ম্যাচগুলোতে ৮৭* এবং ৭১ রান করে নিজের ফর্মের আভাস দিয়েছিলেন বাবর। রবিবার কোয়েটার বিপক্ষে ৫২ বলে ঠিক ১০০ রান করে পূর্ণ করলেন ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি, যা পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইনিংসের শেষ বলে দুই রান তুলে পূর্ণ করেন সেঞ্চুরি। সবশেষ ২০২৪ সালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন পেশোয়ার জালমি অধিনায়ক।পুরো ইনিংসে তিনি মাত্র একটি ডট বল খেলেন। মেরেছেন ৬টি চার, ৪টি ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

২৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ। পেশোয়ারের বোলারদের তোপে এক পর্যায়ে ৮২ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় কোয়েটার ইনিংস। ১১৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জালমি।

এই জয়ের ফলে টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল পেশোয়ার জালমি। হাতে আরও দুটি ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান মজবুত করল তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত