দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই ক্রিকেটার এবার বিদায় বলছেন টেস্ট ক্রিকেটকেও। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে লাল-সবুজের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি।
আজ শনিবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান সভাপতি তামিম ইকবাল। মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু তামিম জানান, বেশ কিছুদিন আগেই নিজের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
তামিম বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের পর অবসরে যাচ্ছেন। বেশ কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর আমি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি তাকে বলেছিলাম, সে যেন নিজেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করে।’
মুশফিকের বিদায়কে যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছেন বিসিবি সভাপতি, ‘আমি তাকে ফেসবুকে কোনো বিবৃতি না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবক। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের অবসরের বিষয়টি যথাযথ মর্যাদার সঙ্গে ঘোষণা করা হোক।’
মুশফিকের ইচ্ছাতেই তার অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানান তামিম। তিনি বলেন, ‘মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি যে, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট ম্যাচ।’
একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি সভাপতি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে চাই এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অবদানকে সম্মান জানাতে চাই।’
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। সেই ইংল্যান্ডের বিপক্ষেই প্রায় ২২ বছর পর নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। দীর্ঘ এই পথচলায় দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা ও সর্বোচ্চ রানের মালিক হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
এ পর্যন্ত ১০৮টি টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে মুশফিকের সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে মিরপুরে। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের দীর্ঘ টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
টেস্ট থেকে অবসরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেও সম্পর্কের ইতি ঘটবে মুশফিকুর রহিমের। দেশের ক্রিকেটে দুই দশকের বেশি সময় ধরে তার ধারাবাহিকতা, পারফরম্যান্স ও অবদান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।