আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বায়ুদূষণে বিশ্বে আজ অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের এ মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১০৫। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২২১। ২০৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭১। এছাড়াও চতুর্থ স্থানে রয়েছে, থাইল্যান্ডের চেংমাই শহর, স্কোর ১৭০। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬৮ এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকতা স্কোর ১০৭। সপ্তম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১০৬ এবং অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর ১০৫।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।