দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর অষ্টম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরেও গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বুধবার (২২ এপ্রিল) ঢাকার সাফ কার্যালয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
ফিফা র্যাঙ্কিংকে ভিত্তি করে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। মোট ৬টি দেশ এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে:
-
গ্রুপ এ: নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
-
গ্রুপ বি: ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ।
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবারের আসরে ভারতের মাটিতে খেলতে আসছে না, ফলে টুর্নামেন্টটি ৬ দল নিয়ে আয়োজিত হচ্ছে।
সাফ নারী ফুটবলে গত দুটি আসরে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য প্রমাণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে চ্যাম্পিয়ন হতে পারলে হ্যাটট্রিক শিরোপার গৌরব অর্জন করবে মারিয়া-ঋতুপর্ণারা।
২০১০ সালে সাফের যাত্রা শুরুর পর প্রথম পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে গত দুই আসরে তাদের সেই একাধিপত্য ভেঙে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাস ও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গ্রুপ 'বি' থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ও ভারতই সবচেয়ে ফেভারিট।
লেস্টারের ঐতিহাসিক পতনের পর হামজা চৌধুরীর ভবিষ্যৎ কী