গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের দেয়াললিখন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ভবনের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াললিখন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া ও সূর্যসেন হলের দেয়ালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের দেয়াললিখন দেখা গেছে। এসব লেখায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

এসব দেয়াললিখনের মধ্যে রয়েছে, 'গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান', 'গুপ্ত রাজনীতি চলবে না', 'গুপ্ত রাজনীতি নিপাত যাক', 'গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই' ইত্যাদি। 

এ প্রসঙ্গে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। মতপ্রকাশের স্বাধীনতা দমনে সহিংসতার আশ্রয় নেওয়া তাদের দুর্বলতারই প্রমাণ। মাস্টারদা’ সূর্যসেন হল ছাত্রদলের ‘প্রতিবাদী দেয়াল লিখন’ কর্মসূচি এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। যেকোনও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনেও আমরা আমাদের অবস্থান জানান দিয়ে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত