ঈশ্বরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই খাবার বিতরণের আয়োজন হয়।

আজ  সোমবার (১৭ আগস্ট) তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতে পাঠায় পুলিশ। এর আগে রবিবার (১৬ আগস্ট) বিকেলে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় এলাকার মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান।

এতে কার্যক্রম নিষিদ্ধ দলটি জননিরাপত্তা বিপন্ন করতে এবং সরকারের ওপর প্রভাব বিস্তার করতে জনসাধারণকে বেআইনীভাবে বিভ্রান্ত করতে তিনি ওই কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ওরা ভেবেছিল, তোমাকে (বঙ্গবন্ধুকে) হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আজকের এই আয়োজন তোমার জন্য। আল্লাহপাক আপনাকে ও আপনার পরিবারকে যেন বেহেশত নসিব করেন। আমাদের মাঝে তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। তিনি যেন দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে পারেন এবং রাজাকারমুক্ত করতে পারেন।’

স্থানীয়ভাবে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বলে জানা গেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কার্যক্রম প্রচারের অভিযোগে ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’





×
সর্বশেষ সর্বাধিক পঠিত