টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি গাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায় নি।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। বাকি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
