শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেটে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তার সঙ্গে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সকল সদস্যও। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রশাসনের পরিবর্তনের ডাক দেওয়ার পর মঙ্গলবার এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিটিআই-এর বরাতে জানা গেছে, মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা স্থায়ী এক রুদ্ধশ্বাস বৈঠকের পর শাম্মি সিলভা ও তার কমিটি পদত্যাগের বিষয়ে একমত হন। বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তারা। তবে পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, সে বিষয়ে কমিটির সদস্যরা এখনই মুখ খুলছেন না।

গত সপ্তাহেই প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে দেখা করেছিলেন শাম্মি সিলভা। মূলত জাতীয় দলের টানা ব্যর্থতা এবং খেলোয়াড়দের পক্ষ থেকে আসা নানা অভিযোগের প্রেক্ষিতে সরকার মার্চের শুরু থেকেই শাম্মি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।

আইসিসি-র প্রতিক্রিয়ার দিকে নজর

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এর আগেও বড় বিপদে পড়েছিল দেশটি। ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী শাম্মি সিলভাকে বরখাস্ত করলে আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। পরে আদালতের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পান।

এবার খোদ দেশটির প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে এই পদত্যাগের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী প্রতিক্রিয়া দেখায়, এখন সেটিই দেখার বিষয়।

সরকার ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ধরার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটির নাম চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্রই নতুন প্রশাসনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত