মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'মিডিয়া সন্ত্রাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক' এবং 'তথ্য সন্ত্রাস নিপাত যাক, গণমাধ্যম মুক্তি পাক'—এই স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে একদল সাধারণ শিক্ষার্থী।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ (মার্ক্সবাদী) বলেন, আমরা সবসময়ই মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে বর্তমানে গণমাধ্যমের আড়ালে এক ধরনের 'মিডিয়া সন্ত্রাস' চলছে, যেখানে ফেক আইডি ও বেনামী পেজ ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে নারীদের চরিত্র হনন করা হচ্ছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে চলা এসব পেজ মূলত রাজনৈতিক স্বার্থে সাইবার বুলিং ও স্লাটশেমিং করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে এসব ভুয়া আইডি ও পেজ পরিচালনাকারীদের পরিচয় শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, আমরা কেবল সেই মিডিয়ার স্বাধীনতা চাই—যা সমাজের উপকারে আসে; ব্যক্তিগত কুৎসা রটনাকারী কোনো অপশক্তির ঠাঁই এই ক্যাম্পাসে হবে না।
ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, কিছু সাংবাদিক আছেন যারা যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের পক্ষে কাজ করেন। আবার কিছু সাংবাদিক আছেন যারা নিজেদের রাজনৈতিক দলের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। এ জন্য প্রকৃত সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে। আমরা এমন সাংবাদিকতা চাই—যা জনগণের কথা বলবে, সত্য তুলে ধরবে এবং কোনো দলের নয়, মানুষের স্বার্থে কাজ করবে।
‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’