প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরের সেই শিশু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী হাতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।

জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন,এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগ আপ্লুত শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, এই অনূভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তানের জন্য উপহার এতটা সম্মান প্রাপ্তি কোন কিছুর যোগ্য আমরা নই। আমি খুবই সাধারন একজন মানুষ, এটা আমাদের জন্য অন্য রকম একটা সম্মান এবং প্রাপ্তির যা কোনভাবেই ব্যক্ত করার মতো না। প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে উনার হৃদয়ের সফ্ট কর্ণার থেকে বাস থেকে নেমে আসেন। আমি কল্পনা করিনি যে প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন। 

শিশুটির পিতা সাজেদুর রহমান বলেন, যখন শুনলাম প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবেন। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। সেই স্বপ্ন থেকে আজকে আরেকটা স্বপ্নের মতো ঘটনা ঘটলো প্রধানমন্ত্রীর যখন আমার সন্তানের উপহার পাঠিয়েছেন। এটা আমার জীবনের একটা প্রাপ্তি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত