ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্টার নিউজ’র জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিবকে রাজধানীর কাওরানবাজারে চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্থা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।
সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা। নেতৃবৃন্দ বলেন, কাওরানবাজারে হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না গেলে, অপরাধীরা এমন কর্মকান্ডে উৎসাহ পাবে। তাই এসব অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি কাওরানবাজারে ‘২৪ ঘন্টায় কোটি টাকার চাঁদাবাজি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারের পর থেকেই ওই চাঁদাবাজ সিন্ডিকেট হাবিবকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
গত ২৮ এপ্রিল কাওরানবাজারের একটি স্পর্শকাতর জায়গায় থেকে অর্থ লুটপাট ও চাঁদাবাজির বিষয়ে দ্বিতীয় পর্বের নিউজ সংগ্রহ করতে গেলে কতিপয় সন্ত্রাসী তাকে ও তার সাথে থাকা ভিডিও জার্নালিষ্টকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে। এসময় তাদের শারীরিকভাবে লাঞ্চিত ও মানসিক নির্যাতন করা হয়।
পরে সেখান থেকে একজন জ্যেষ্ঠ সাংবাদিক পুলিশের সহযোগীতায় বেঁচে ফিরেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
কয়েক দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?