রাজধানীতে গীর্জায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট : ০১ মে ২০২৬, ০৩:০৮ পিএম

রাজধানীর বারিধারায় ‘ডি মাজেন্ড’ গির্জায় দেয়াল টপকে ভেতরে ঢুকে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, এনআইডি, পাসপোর্ট ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে ডিএমপির ভাটারা থানায় এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, গত ২৮ এপ্রিল রাত আড়াইটার দিকে মুখোশধারী দুই ব্যক্তি গির্জার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা স্টাফদের কক্ষে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের কক্ষে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে লুটপাট চালায়।  

ঘটনার সময় আরও এক সহযোগীর সহায়তায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে তারা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অটোরিকশার সূত্র ধরে তদন্ত শুরু হলে মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তাররা হলেন -আবুল হোসেন রতন ওরফে হারা, মোহাম্মদ নিজাম ওরফে মিজান এবং আক্তার হোসেন মনা ওরফে মনির। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আক্তার হোসেন মনার কাছ থেকে অটোরিকশা ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ নিজামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতনকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে পাসপোর্ট, এনআইডি ও এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। মাদক ও জুয়ার খরচ জোগাতে তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত