বিদেশি ফেরির ৩০টি রোল ডাকাতি: গ্রেপ্তার ৫

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:৫১ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানা এলাকায় বিদেশি ফেরির রোল বোঝাই কাভার্ড ভ্যান থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন পারভেজ রানা।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি কাভার্ড ভ্যানে বিদেশি ফেরির ৩০টি রোল বহন করা হচ্ছিল। ভোরের দিকে বিমানবন্দর থানার সেনানিবাস সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি কাভার্ড ভ্যানটিকে থামায়। পরে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা চালককে জিম্মি করে ভ্যান থেকে মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ১ মেয়ে বিমানবন্দর থানায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সজল হাসান (৩২), মো. আবু হাসান (৪৮), মো. গোলাম মোস্তফা (৩৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪), মো. ইরাশিম হক (৩০)।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন পারভেজ রানা বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেরির ৩০টি রোল এবং ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঘটনার পর আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডাকাতি হওয়া অধিকাংশ মালামাল এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত