৬ উইকেট নেওয়ার রহস্য জানালেন হাসান

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

ডারউইন টেস্টে স্বপ্নের মতো একটা দিন কাটাচ্ছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে অজিদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের ১০ উইকেটের সবগুলো নিয়েছেন পেসাররা। এর মধ্যে হাসান মাহমুদ একাই শিকার করেন ৬টি। এমন আগুনঝরা বোলিংয়ের জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কৃতিত্ব দিলেন তিনি।

ইনিংস বিরতিতে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ও এই সিরিজের ধারাভাষ্যকার অ্যাডম গিলক্রিস্টের সঙ্গে আলোচনায় নিজের সফলতার পিছনের গল্প তুলে ধরেন হাসান, ‘এটা বিশ্বের অন্যতম সেরা দল এবং স্পষ্টতই এই কন্ডিশনেও খেলার সুযোগ পাওয়া, বুঝতেই পারছেন (কতটা রোমাঞ্চিত)। আমি শুধু আমার বলের লাইন এবং লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি এবং দলের প্রক্রিয়া বজায় রেখে অধিনায়ক (শান্ত) যা বলছেন সেটাই অনুসরণ করার চেষ্টা করেছি।’

ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিয়ে সতীর্থদেরও প্রশংসা করেন হাসান, ‘হ্যাঁ, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং সবাই ভালো করেছে।’

এই সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে এক ইনিংসে ৪ উইকেট পান হাসান। তখন ইংল্যান্ডে কাউন্টি খেলায় প্রসঙ্গ টানেন তিনি৷ ইংলিশ কন্ডিশনের অভিজ্ঞতা কাজে দিয়েছে বলে জানান। গিলক্রিস্ট সে প্রসঙ্গ সামনে আনলে আজ হাসান বলেন,  ‘ইংল্যান্ডে খেলা আমার জন্য সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল এবং আমি আশা করি যে কেন্টের হয়ে খেলা চালিয়ে যেতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত