রাজধানীর ডেমরা কোনাপাড়ায় সুইমিং পুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিং পুলে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃতের বন্ধু মো. রিফাত পাটোয়ারী জানান, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারি তিন হাজার দুইশত টাকা দিয়ে ভাড়া নেয়। সেখানে ফুটবল খেলে তারা। এরপর সুইমিং পুলে গোসল করতে নামে। গোসল করার সময় এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সাকিব। পরে সেখানকার স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সাকিবকে কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
সাকিবের বাবা মো. আরিফ হোসেন জানান, কদমতলী ধনিয়া বড়বাড়ি তাদের স্থায়ী বাড়ি। সাকিব ধনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায় সে। এরপর সাকিবের বন্ধুদের কাছ থেকে জানতে পারেন, সে কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সাঁতার জানতো না সাকিব।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।
