কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল আটক, থানা ঘেরাওয়ে উত্তপ্ত শাসনগাছা

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:০৫ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শাসনগাছা বাস টার্মিনাল এলাকা। পরিবহন শ্রমিকদের অবরোধে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয়।

এরআগে দুপুর ১২টার দিকে নগরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও ডিবি সদস্যরা। তাকে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিক ও সমর্থকেরা টার্মিনাল অবরোধ করেন। এতে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-সিলেটসহ গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিকেল ৫টা পর্যন্ত রেজাউল কাইয়ুম কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে ছিলেন। থানার ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে রেজাউল কাইয়ুমকে আটকের পরপরই তার সমর্থকেরা বিক্ষোভে নামেন। শতাধিক নেতা-কর্মী ও পরিবহনশ্রমিক কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নেন এবং থানা ঘেরাও করেন। এ সময় ‘রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। উত্তেজিত কর্মীরা থানার প্রধান ফটক আটকে দেন। 

এদিকে শাসনগাছা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে সেখান থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের কারণ জানায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

এদিকে বিকেলে টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বাস চলাচল শুরু হয়েছে, দোকানপাটও খুলেছে। তবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাগুলোকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে এশিয়া লাইন পরিবহনের চালক মো. ফয়সাল বলেন, বিকেল সাড়ে তিনটার পর থেকে সব রুটে বাস চলছে, এখন আর কোনো সমস্যা নেই।
বিএনপির স্থানীয় নেতা সফিউল আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কথা বলে পরিস্থিতি শান্ত করেছি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত