গোবিন্দগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার (৪ মে) বিকেলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) ও তার স্ত্রী আপেলা বেগম (২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন, আপেলা বেগমের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে তারা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় নুরুন্নবী ও তার স্ত্রী আপেলা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শয়নঘরের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ওই দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গাঁজাসহ গ্রেপ্তার আসামিদ্বয়কে মঙ্গলবার (৫ মে) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত