এভার্টন-সিটি ৩-৩, 'শিরোপা আর আমাদের হাতে নেই'- গার্দিওলা

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:১৪ এএম

এভারটনের সঙ্গে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের বিশৃঙ্খল এক পরিস্থিতি প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।

সোমবারের এই শ্বাসরুদ্ধকর ম্যাচটি ছিল মৌসুমের অন্যতম সেরা লড়াই। ম্যাচের নাটকীয় সমাপ্তি শেষে যে ফলাফল এসেছে, তা মৌসুম শেষে শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

পেপ গার্দিওলার দল জেরেমি ডোকুর চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু এরপরই তারা খেই হারিয়ে ফেলে। মার্ক গুয়েহির ভুলে উপহার পাওয়া গোলসহ থিয়ের্নো ব্যারির জোড়া  এবং জেক ও'ব্রায়েনের হেডে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনবার সিটির জালে বল পাঠায় এভারটন।

যদিও আর্লিং হালান্দ দ্রুতই এক গোল শোধ করেন এবং বেলজিয়ান উইঙ্গার ডোকু শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান, তবুও পয়েন্ট টেবিলে শীর্ষের আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়ল সিটি। এর অর্থ হলো, শিরোপার ভাগ্য এখন পুরোপুরি ‘গানার্স’দের হাতে।

হিল ডিকিনসন স্টেডিয়ামের এই ম্যাচটি গার্দিওলার দলের জন্য কঠিন হবে বলে ধারণা করা হচ্ছিল—বাস্তবেও তাই হলো। ড্র সম্পর্কে গার্দিওলা বলেন, " শিরোপা এখন আমাদের হাতে নেই। আগে ছিল, এখন নেই। আমাদের কিছু ম্যাচ বাকি আছে, দেখা যাক কী হয়।"

আর্সেনাল এখন জানে যে, তাদের হাতে থাকা শেষ তিন ম্যাচের তিনটিতেই জয় পেলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো শিরোপা জিতবে তারা।

শিরোপা কখন নিশ্চিত হতে পারে?

এভারটনের সাথে ড্রয়ের পর সিটির এই মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮৩। আর্সেনাল বর্তমানে ৭৬ পয়েন্টে আছে—তাই তারা জানে শেষ তিন ম্যাচের তিনটিতেই জিতলে শিরোপা নিশ্চিত। গানার্সদের গোল ব্যবধানও সিটির চেয়ে ৪টি বেশি, যা তাদের কিছুটা বাড়তি সুবিধা দিচ্ছে।

এমন একটি সমীকরণও আছে যেখানে ১৩ মে বুধবারই শিরোপা জিততে পারে আরতেতার দল। যদি তারা রবিবার ওয়েস্ট হ্যামকে হারায় এবং তার আগের দিন সিটি ব্রেন্টফোর্ডের কাছে হারে, এরপর কয়েক দিন পর ক্রিস্টাল প্যালেসের কাছে সিটি আবার হারলে দুই ম্যাচ বাকি থাকতেই আর্সেনাল চ্যাম্পিয়ন হবে। কিন্তু দুই দলই যদি জিততে থাকে, তবে লড়াই গড়াবে শেষ দিন পর্যন্ত।

সিটির আগামী ম্যাচসমূহ

সিটির আর তিনটি হোম ম্যাচ বাকি—ব্রেন্টফোর্ড, প্যালেস এবং মৌসুমের শেষ দিনে (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে। তাদের একমাত্র অ্যাওয়ে ম্যাচটি ফর্মে থাকা বোর্নমাউথের বিপক্ষে, যা তারা খেলবে এফএ কাপ ফাইনালের মাত্র তিন দিন পর।

অন্যদিকে, আর্সেনালের লিগের বাকি তিন ম্যাচ হলো—রেলিগেশন শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম (অ্যাওয়ে), ইতোমধ্যে রেলিগেটেড হওয়া বার্নলি (হোম) এবং শেষ দিনে ক্রিস্টাল প্যালেস (অ্যাওয়ে)।

ওয়েন রুনি তার বিবিসি পডকাস্টে ভবিষ্যদ্বাণী করেছেন যে, আর্সেনাল তাদের বাকি সব ম্যাচ জিতে শিরোপা উঁচিয়ে ধরবে। তিনি বলেন, "আমি মনে করি এটা আর্সেনালের বছর। আর্সেনাল খুব ধারাবাহিক, যেখানে সিটি কিছুটা ওঠানামা করছে।"

সিটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের রক্ষণভাগ। এভারটনের বিপক্ষে তারা এগিয়ে গিয়েও ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। গার্দিওলার দল এই মৌসুমে কর্নার থেকে ৮টি গোল হজম করেছে, যা তাদের গত দুই মৌসুমের মোট হজম করা গোলের সমান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত