মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার 

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:১১ এএম

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল ৮টায় তেঁতুলবাড়িয়া সীমান্তের হাজীপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে এটা উদ্ধার করা হয়।

সানোয়ার হোসেন পলাশের চাচাতো ভাই শামীম হোসেন জানান, সকালে হাঁটতে বের হয়ে বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

সানোয়ার হোসেন পলাশ জানান, বোমা সাদৃশ্য বস্তুতে লেখা ছিল হাত দিলেই বাস্ট হবে। সাবধান। সবাই সাবধান। তবে কে বা কারা বোমা সাদৃশ্য বস্তুটি রেখেছে তিনি তা জানাতে পারেননি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত