কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) রাত ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহত আনোয়ার হোসেন নয়ন (৩৫) উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।
পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠান।
নিহতের বোন কহিনুর আক্তার জানান, ঢাকায় নেওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি। অক্সিজেন সংকট থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় একটি পক্ষের জমিসংক্রান্ত বিরোধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ এখনও ঢাকা থেকে চৌদ্দগ্রামে পৌঁছেনি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর অভিযোগের ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম স্ত্রী ঘরে, দ্বিতীয় বিয়ে করলেন মাদানী