দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। এখন এই অঞ্চলের শিক্ষার্থীদের বিভিন্ন কাজে ঢাকা ও গাজীপুরে যেতে হবে না। বরং এখন থেকে এই আঞ্চলিক কেন্দ্র থেকে শিক্ষার্থীরা সব সুযোগ সুবিধা পাবে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের গোয়ালচামট জাহানারা আজিজ মেনশনে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ব্যাপক পরিবর্তনে এনেছেন। এর সুফল গত দু মাসে দেশের মানুষ পেতে শুরু করেছে।
তিনি বলেন, এর আগে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা না থাকায় কলেজগুলোকে নানা জটিলতার সম্মুখীন হতে হতো। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিতি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও রাজনৈতিক নেতারা।
