ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ব্যারিকেড দিয়ে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত গরুবোঝাই ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। 

জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি এলাকায় পৌঁছালে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে।

একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ট্রাক থামালে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। পরে ট্রাকটি চৌদ্দগ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম–লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে ট্রাকচালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে ডাকাতরা ট্রাকের ১০টি গরু তাদের পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।

ভোরে স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুইজনকে রক্তাক্ত ও গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা গরুগুলো লুট করে অন্য পিকআপে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

তিনি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত