আসন্ন হজ মৌসুম উপলক্ষে মক্কা ও পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রশাসনিক ও মাঠ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত পরিকল্পনা এবং উন্নত অবকাঠামো ব্যবহারের মাধ্যমে জামারাতে পাথর নিক্ষেপ ও পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে একটি ইউনিফাইড লিডারশিপ ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান এবং মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে। কর্তৃপক্ষ হজযাত্রীদের জন্য অনুমোদিত চলাচলের সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি মিনার তাবু এলাকায় অগ্নি নির্বাপণ ও কুলিং নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে।
প্রকল্পের আওতায় ১৮৮টি জোনের ৫৬৫টি তাবুতে ৩ লাখ ৩৯ হাজার মিটার দীর্ঘ নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই চার পর্যায়ের আধুনিকীকরণ মিনার তাবুগুলোতে যান্ত্রিক ত্রুটি ও লিকেজের ঝুঁকি কমিয়ে হজযাত্রীদের জন্য আরও নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।
হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের সরবরাহ বজায় রাখতে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) তাদের নজরদারি জোরদার করেছে। বিভিন্ন বন্দর দিয়ে আসা ২০ দেশের ১৮৭ টনের বেশি চিকিৎসা সামগ্রী পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে মানসম্মত না হওয়ায় প্রায় এক টন সামগ্রী জব্দ করা হয়েছে।
হজ্জ মিশনের সদর দপ্তরে সরাসরি পরিদর্শনের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বদলি হজের বিষয়ে যা জানা জরুরি
একাধিক বিয়েকে তামাশায় পরিণত করার বিষয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ