হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ।
পাশাপাশি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলেছে।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এ আদেশের ফলে পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল এবং আরও পাঁচ মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় তার জামিন বহাল হলো। এতে ১০ মামলায় তার জামিন থাকছে।
এর আগে গত ৩০ এপ্রিল হত্যার আরও দুই পৃথক মামলায় আইভিকে জামিনের আদেশ দেয় হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার কিংবা হয়রানি না করার নির্দেশ দেয় হাইকোর্ট।
আইভির আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ‘১০ মামলায় আইভি রহমানের জামিন বহাল রয়েছে। আরও দুই মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছে। এখন পর্যন্ত যেহেতু স্থগিতাদেশ হয়নি এ দুই মামলায় জামিন বহাল থাকলে তার কারামুক্তিতে কোনো বাধা থাকবে না।’
প্রসঙ্গত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আইভী রহমান বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।
আসাদুজ্জামান নূরের জামিন, তবে মুক্তি মিলছে না : এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা আসাদুজ্জামান নূরকে চব্বিশের আন্দোলনকেন্দ্রিক দুই হত্যা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। তবে আরও কয়েকটি মামলার কারণে তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না। গতকাল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে মামুন ও লিজা আক্তার নামে ২ জনকে হত্যার অভিযোগে ঢাকার মিরপুর ও রমনা মডেল থানায় এই দুটি মামলা করা হয়েছিল।
আইনজীবী জেড আই খান পান্না জানান, ‘২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন নূর। তবে, আরও কয়েকটি মামলায় জামিন হয়নি বলে হাইকোর্টের রায়ের পরেও তিনি মুক্তি পাচ্ছেন না।’
প্রসঙ্গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই নূরের বিরুদ্ধে নীলফামারীতে আরও দুটি হত্যা মামলা দায়ের হয়। একটিতে ২০১৪ সালে একটি ‘হত্যাকান্ডের’ জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
